লম্বা অপেক্ষার পর নায়িকা হিসেবে নিজ দেশের ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে মেঘলা মুক্তার। মাঝে তাকে পাওয়া গেছে তেলুগু ছবির প্রধান চরিত্রেও। গত ২৩ ডিসেম্বর দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেঘলার ‘পায়ের ছাপ’ সিনেমা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর পরিচালিত এই সিনেমাটি দিয়েই দেশের সিনেমায় অভিষিক্ত হলেন মেঘলা মুক্তা।
এরইমধ্যে মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। এই সময়ে কেমন সাড়া পেল আর দর্শকমনে কতটা ছাপ ফেলতে পারল নারী কেন্দ্রীক গল্পের সিনেমাটি? এসব নিয়েই সংবাদমাধ্যমের সঙ্গে অনুভূতি প্রকাশ করলেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কাজ করা অভিনেত্রী মেঘলা মুক্তা।
তিনি বলেন, আমি আসলে যতটুকু আশাবাদী ছিলাম, প্রথমদিনে আমি যেরকম দর্শক আশা করেছিলাম, সেরমকই পেয়েছি, দ্বিতীয় দিন থেকে যেরকম দর্শক আশা করিনি তার চেয়ে বেশি দর্শক পেয়েছি। আমাদের সিনেমাটি আসলে বাণিজ্যিকভাবে সফল হবে এটা আমরা প্রত্যাশা করিনি, আমি নিজেও করিনি। এটা আর্ট ফিল্ম বলা যাবে না, আবার কমার্শিয়ালও বলা যাবে না, এটা সেমি কমার্শিয়াল একটা মুভি।
সেই জায়গা থেকে কিছু টার্গেট সিলেক্টেড অডিয়েন্স আমি ভেবেছিলাম, কিন্ত এক-দুইদিন সিনেমাটি হলে যাওয়ার পরে দর্শক বেড়ে গেছে। আর প্রচুর ভালো রিভিউ পাচ্ছি এবং যত রিভিউ পাচ্ছি খুব পজিটিভ পাচ্ছি। সেইদিক থেকে আসলে আমি যতটুকু আশাবাদী ছিলাম, আমার কাছে মনে হয় আমি তার চেয়ে বেশি পেয়েছি।
মেঘলা মুক্তা বলেন, আমার প্রথম সিনেমাটিই ইমপ্রেস টেলিফিল্মের মতো একটি প্রতিষ্ঠানের এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একজন পরিচালকের হাত ধরে আমার অভিষেক ঘটেছে; আমি আসলেই আশা করিনি এত সুন্দরভাবে নিজের দেশে আমার অভিষেক ঘটবে।
