ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি রাজনীতিতে সরব হয়েছেন। আগামী দুই বছরের জন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন এ নায়িকা। সেখানকার তৃতীয় লিঙ্গের মানুষদের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের নেত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
হিজড়া সংঘের নেত্রীদের সঙ্গে কাটানো মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাহি। তিনি লিখেছেন, দিনের আলো হিজড়া সংঘ, রাজশাহীর নেত্রীদের সঙ্গে আজ (৭ নভেম্বর) সন্ধ্যায় আমার নানা বাড়িতে।
মাহির সেই পোস্ট নেটিজেনদের নজর কেড়েছে। তাদের অনেকেই নায়িকার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এর আগে রাজশাহীর তানোরে চিত্র নায়িকা মাহিয়া মাহির ‘স্বপ্ন ফাউন্ডেশন’র উদ্যোগে শুরু হয়েছে কাবাডি প্রতিযোগিতা। শুক্রবার (৪ নভেম্বর) সকালে তানোর উপজেলার মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে দিনভর প্রীতি কাবাডি টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাহি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন করেছে মাহির প্রতিষ্ঠিত স্বপ্ন ফাউন্ডেশন।
তখন থেকেই গুঞ্জন, রাজশাহী-১ আসনে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হতে চান মাহি। এ প্রসঙ্গে মাহি গণমাধ্যমকে জানান, এলাকার জনগণ চাইলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই। তবে এখনই নয়। আরও পরিণত হলে তখন নির্বাচনে অংশ নেব।
নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের মানুষ দাবি করে মাহি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসি। এই বিষয়টি সবাইকে জানাতে চাই। যদিও আমি রাজনীতি বুঝি না, তবু এটা শুরু করেছি। আমি মানুষের সেবা করতে চাই। রাজনীতি বলতে আমি মানুষের সেবা করাকে বুঝি।
