ঠিক এক মাস আগে ছেলে রাজ্যকে জন্ম দিয়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শনিবার (১০ সেপ্টেম্বর) তার মাতৃত্বের এক মাস পূর্ণ হয়েছে।
তাই ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের এক মাস পূর্তিতে কেক কেটে উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী অভিনেতা শরীফুল ইসলাম রাজ। সেই মুহূর্তের কয়েকটি ছবি অভিনেত্রী শেয়ার করেছেন নিজের ফেসবুকে।
নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছেলের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ। Happy one month Baajaan।’
এ ছাড়া ওই পোস্টে পরীমনি ধন্য জানিয়েছেন তার স্বামী শরীফুল ইসলাম রাজকে। পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ছেলে শামীম মুহাম্মদ রাজ্যর নাম। দিয়েছেন লাভ ইমোজি।
পরীমনির ওই পোস্টে তাকে, ছেলেকে এবং নায়িকার স্বামীকে শুভকামনা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। যিনি পরীমনির ‘মম’ হিসেবে পরিচিত। সেই বোট ক্লাবের ঘটনা থেকে শুরু করে নায়িকা গ্রেপ্তার হওয়া, জামিনে মুক্তি পাওয়া, বিয়ে, সন্তানের জন্ম দেওয়া সবসময়ে তার পাশে পাশে ছিলেন চয়নিকা, আছেনও।
গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। মা হওয়ার কয়েক মাস আগে থেকে এখনো পর্যন্ত বাইরের সমস্ত কাজ থেকে দূরে রয়েছেন পরীমনি। সম্প্রতি এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে পরীমনি বলেছিলেন, বর্তমানে ছেলের দেখভাল করাই তার প্রধান কাজ। অন্য কিছু নিয়ে তিনি ভাবছেন না।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজের সূত্র ধরে কাছে আসেন পরীমণি ও রাজ। মাত্র সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। চলতি বছর ১০ জানুয়ারি মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি।
