রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আলী হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৭ বছর বয়সী আলী হোসেন তেজগাঁও বিজ্ঞান হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। সে তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কৃষ্ণপুরে। তার বাবা আজমির হোসেন এবং সেলিনা বেগম। এ দম্পত্তির একমাত্র ছেলে ছিল আলী হোসেন। তাদের একটি মেয়েও আছে।

নিহতের বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় তার ছেলে। সকাল ৮টার দিকে তিনি আলীর দুর্ঘটনার খবর পান। প্রথমে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা আলীকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী বলেন, ‘পৌঁনে ৮টার দিকে বিজেপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলাম। তখন একটি শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে শমরিতা হাসপাতালে পাঠাই।’

তবে কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তা আশপাশের লোকজন কেউ বলতে পারেনি বলে জানান এএসআই সুদর্শন রাজবংশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *