যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গুলির এ ঘটনা ঘটে। সিএনএনের খবরে বলা হয়েছে, অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি এ তথ্য জানিয়েছে।

বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলে হামলা চালানো হয়েছে, সেটির নাম রব এলিমেন্টারি স্কুল।

এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন, গুলিতে ১ শিক্ষক ও ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

গ্রেগ অ্যাবোট বলেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তাঁর হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে আরেকটি রাইফেল ছিল।

এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের পর থেকে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। ওই বছর কানেক্টিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকহামলায় ২০ শিশু ও ছয় কর্মকর্তা নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *