সারাদেশে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

ঘোষণায় জানানো হয়, ২৬ মে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ২৭ মে দেশের সব মহানগর, উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সশস্ত্র হামলায় ছাত্রদলের নারী নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের ৮০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা সঙ্কটাপন্ন। ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় ছাত্রলীগ হকিস্টিক, রড, রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।

তিনি বলেন, ছাত্রদলের নেত্রী মানসুরা আলম, রেহেনা আক্তার শিরীন, শানজিদা ইয়াসমিন তুলি, সৈয়দা সুমাইয়া পারভীন, তন্বী মল্লিক এই হামলা থেকে রেহাই পাননি। তাদেরও সড়কে ফেলে পেটানো হয়েছে। দুজন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে শহীদুল্লাহ হলের ড্রেনে ফেলে নির্যাতন করেছে তারা। এছাড়াও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মী ও চিকিৎসকদের হয়রানি করছে ছাত্রলীগের কর্মীরা।

সরকারের উচ্চ পর্যায় থেকেই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছে দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী ছাত্রলীগকে কোনো সৌজন্যতা শেখাননি। শিক্ষাঙ্গনগুলোকে এই সরকার বিশৃঙ্খলায় ভরিয়ে রাখতে চায়, যাতে ছাত্রসমাজ কথা বলতে না পারে।

সচেতন ছাত্র সমাজকে সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ছাত্রদলের এই নেতা।

এসময় সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *