এবার ঈদে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ২টি সিনেমা মুক্তি পেয়েছে। একটি এম রাহিম পরিচালিত ‘শান, অপরটি এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’।
সিনেমা ২টি ভালো ব্যবসা করছে। এবার শোনা যাচ্ছে, নতুন প্রোজেক্টের মিটিং করতে আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে, পূজার নতুন ছবির প্রযোজক যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যবসায়ী। ওই প্রযোজক আগেও দুটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সব কিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন পূজা। সেজন্য অবশ্য ভিসা ও আনুষঙ্গিক কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে।
এও জানা যায়, শাকিব খান হতে পারেন পূজার নতুন ছবির নায়ক। যুক্তরাষ্ট্রে বসে ওই প্রযোজক এমন প্রস্তুতিই নিচ্ছেন।
গণমাধ্যমের কাছে তথ্য এসেছে, আমেরিকায় থাকা ওই প্রযোজক বড় বাজেটের একটি সিনেমা নির্মাণ করতে চাইছেন। ঢালিউডের বেশ কয়েকজন চিত্রনায়িকার সঙ্গে তার সেই সিনেমার ব্যাপারে কথা হয়। কিন্তু শেষ পর্যন্ত পূজার সঙ্গেই সখ্যতা হয় তার।
এদিকে পূজা আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিলেও সিনেমার শুটিং বাংলাদেশেই হবে এমনটা জানা যায়। কারণ সেখানে পুরো সিনেমার শুটিং খরচ অনেক বেশি হবে। সেজন্য গান ও সামান্য কিছু দৃশ্যধারণ হতে পারে আমেরিকায়। সিনেমার বেশির ভাগ শুটিং হবে বাংলাদেশেই।
এ ব্যাপারে পূজার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
