সাকিবকে যে সময়টায় বেশি দরকার তখনই পাই না: পাপন

অসুস্থতার জন্য সাকিবকে না পাওয়াটা বড় ধাক্কা বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, সাকিব না থাকায় আমাদের একজন বোলার কিংবা ব্যাটার কম নিয়ে খেলতে হবে। তবে এ নিয়ে আমাদের কিছু বলারও নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ। যখন সবচেয়ে বেশি দরকার হয় তখনই সাকিবকে পাই না। তবে আমাদের আশা, ও দ্রুত সুস্থ হোক এবং দলে ফিরে আসুক।

করোনা আক্রান্ত হলেও সাকিব সুস্থ আছেন বলে জানান পাপন। তবে তার অনুপস্থিতিতে দলে একজন ব্যাটার কম নিয়ে খেলতে হবে, যা বাড়তি চাপ বলে মনে করেন তিনি।

তবে এবাদত-শরিফুলরা প্রোটিয়াদের সাথে যেভাবে বল করেছে তাতে দেশের মাটিতে তাদের নিয়ে বেশ আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, আমাদের কপাল খারাপ। এটা নিয়ে তো কিছু করার নেই। দোয়া করি সাকিব দ্রুত সুস্থ হয়ে যাক। আমার সাথে কথা হয়েছে ওর। বলেছে, এখন ভালো আছে। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। ও না থাকাটা অবশ্যই একটা বড় ধাক্কা। কারণ, নিঃসন্দেহে শ্রীলঙ্কা অত্যন্ত শক্তিশালী দল।

বুধবার (১১ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন আরও বলেন, অস্বীকার করার উপায় নেই যে, টেস্টে আমরা অপেক্ষাকৃত দুর্বল দল। তাই এই সিরিজ আমাদের জন্য বড় একটি সুযোগ ছিল। তবে সুযোগ এখনও আছে। কারণ, সাকিবের জায়গায় যে আসবে সে নিশ্চয়ই নিজেকে প্রমাণের চেষ্টা করবে। তাছাড়া আমাদের দলে এখনও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। তারা যদি ভালো খেলতে পারেন তবে, কোনো দলকেই না হারাতে পারার কোনো কারণ নেই।

পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফেরা সাকিবের গতকাল করোনা পজিটিভ ধরা পড়েন। এই মুহূর্তে নিজ বাসায় আইসোলেশনে আছেন সাকিব। পাঁচদিনের এই আইসোলেশন শেষ হবে আগামী ১৪ মে। এর একদিন পর চট্টগ্রামে শুরু শ্রীলঙ্কার বিপক্ষ প্রথম টেস্ট। বলা চলে, প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেছেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *