নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সংগীতশিল্পী মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ অভিযোগ গঠন করেন।
বুধবার (১১ মে) মনির খানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিফন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিফন বলেন, ‘গতকাল (মঙ্গলবার) মনির খানসহ ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ২৬ জুন সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।’
এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিতাই রায় চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আইনজীবী ফেরদৌস আক্তার ওয়াহিদা, তৌহিদুল ইসলাম প্রমুখ।
২০১৮ সালে পল্টন থানায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। মনির খানসহ ৭২ জনকে এ মামলায় আসামি করা হয়। এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে বিচারিক আদালতে নিয়মিত হাজিরা দেন মনির খানসহ অন্য আসামিরা।
পুলিশ তদন্ত করে ২০১৯ সালে এ মামলায় চার্জশিট দাখিল করে। এরপর মঙ্গলবার শুনানি শেষে আদালত ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন।
