ঈদে অসহায়দের নিজের পোশাক দিলেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

চলচ্চিত্রের শুটিংয়ের প্রয়োজনে তাকে অনেক পোশাক কিনতে হয়। তবে শুটিং শেষে সেগুলো আর তেমন পরার সুযোগ হয় না। আর তাই এবার ঈদ উপলক্ষে শুটিংয়ে ব্যবহৃত নায়িকার পোশাকগুলো নিম্ন আয়ের সুবিধাবঞ্চিতদের জন্য দিয়েছেন তিনি।

সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ফারিয়ার পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হবে। তবে পোশাকগুলো পুরোপুরি বিনামূল্যে দেওয়া হচ্ছে না। মাত্র ১০ টাকার বিনিময়ে এসব পোশাক কিনতে পারবেন সুবিধাবঞ্চিতরা।

নুসরাত ফারিয়া বলেন, ‘ফাউন্ডেশন যে প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করে, তা আমার ভালো লেগেছে। কেউ ফ্রিতে নিচ্ছেন না। একেকটি পোশাক ১০ টাকার বিনিময়ে পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। এটা তাদের কাছে অন্যরকম আনন্দের ব্যাপার হবে। আর এটাকে আমি দান বলছি না, উপহার বলছি।’

এবারই প্রথম নয়, গত বছরের কোরবানির ঈদেও নিজের প্রায় ২০০টি পোশাক সুবিধাবঞ্চিত ও অসহায়দের জন্য দিয়েছিলেন ফারিয়া। তখনও তার এই ভূমিকা দারুণ প্রশংসিত হয়েছিল।

এদিকে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘দরিদ্র মানুষদের জন্য আমরা ১০ টাকায় কাপড় তুলে দিই। এতে করে এটি দান নয়, তারা উপহার হিসেবে গ্রহণ করেন। গত ৫ বছর ধরে আমরা কাজটি করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *