জীবনযুদ্ধে আর টিকে থাকতে পারলেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
রুবেলের ঘনিষ্ঠ বন্ধু মাছরাঙ্গা টেলিভিশনের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।
জাহিদুর রহমান জানান, আজ বাসাতেই ছিলেন মোশাররফ রুবেল। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হয় তার। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
প্রায় তিন বছরের বেশি সময় ধরে ব্রেইন টিউমারের সঙ্গে লড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল। দেশের বাইরে গিয়ে কেমোথেরাপিসহ জটিল সব চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
গত মাসের মাঝামাঝি শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে খানিক সুস্থ বোধ করায় গত শুক্রবার (১৫ এপ্রিল) বাড়িতে নিয়ে যাওয়া হয় রুবেলকে। এর চারদিনের মাথায়ই এলো দুঃসংবাদ।
২০০৮ সালে বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল মোশাররফ রুবেলের। তবে টিকতে পারেননি বেশিদিন। ২০১৬ সালে খেলেছেন সবশেষ ম্যাচ। আন্তর্জাতিক মঞ্চে সবমিলিয়ে ৫ ওয়ানডেতে চার উইকেট ও ২৬ রান করেছেন তিনি।
তবে ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এ স্পিন বোলিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ১৯ বার ইনিংসে ৫ উইকেটসহ মোট ৩৯২ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে দুই সেঞ্চুরিতে করেছেন ৩৩০৫ রান।
এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ১০৪ ওয়ানডেতে ১২০ উইকেটের সঙ্গে ১৭৯২ রান এবং ৫৬ টি-টোয়েন্টিতে ৬০ উইকেটের সঙ্গে ৬২ রান করেছেন তিনি। সবশেষ ২০১৯ সালের বিপিএলে স্বীকৃত পর্যায়ে ম্যাচ খেলেছেন রুবেল।
