কারামুক্ত ইশরাক হোসেন, ফুলের মালা দিয়ে বরণ

রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার ছয় দিনের মাথায় জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) আদালতের আদেশ কারাগারে পৌঁছার পর সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।

ইশরাকের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার বসু।

এর আগে রাজধানীর মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন মঞ্জুর করে আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন।

গত বুধবার রাজধানীর মতিঝিল থেকে আটক করা হয়েছিল ইশরাক হোসেনকে। সেখান থেকে তাকে নেওয়া হয় সিএমএম কোর্টে। পরে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তাহেরুল ইসলাম তৌহিদ, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলাম।

একইসাথে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহা জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। আটকের পর এই নেতাকে দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *