ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামের এক আইনজীবী। নায়িকার প্রথম বিয়ের ডিভোর্সের প্রমাণ ও নতুন বিয়ের বৈধতা জানতে চেয়েছেন তিনি।
এর জন্য বেঁধে দিয়েছেন সাত কর্মদিবসের সময়। এ সময়ের মধ্যে পরীমণি উত্তর না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন কুমিল্লা বারের ওই আইনজীবী।
এদিকে পরীকে লিগ্যাল নোটিশ পাঠানোর খবর পেয়ে সরব হয়েছেন পরীমণির প্রথম স্বামী ফেরদৌস কবীর সৌরভ। তার দাবি, পরীমণিকে কোনো প্রকার লিখিত অভিযোগ বা কোন আইনি নোটিশ পাঠাননি!
সৌরভ বলেন, ‘আইনি নোটিশ সম্পর্কে কিছুই জানি না। বিগত তিনদিন যাবত কুয়াকাটায় ছিলাম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাড়িতে এসে বিভিন্ন সংবাদে আমি বিষয়টি জানতে পারি। তার (পরীমণি) বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাছাড়া কে বা কারা কোন উদ্দেশ্যে উকিল নোটিশ দিয়েছেন তা আমি জানি না।’
ফেরদৌস কবীর সৌরভ বলেন, আমি যদি আইনি প্রক্রিয়ায় যেতাম তাহলে যশোর থেকেই নোটিশ পাঠাতাম। কুমিল্লা থেকে কেন? তালাক হয়েছে কিনা জানতে চাইলে ফেরদৌস কবীর সৌরভ বলেন, আমি তাকে দিইনি বা তালাকের কোনো কাগজ আমার কাছে আসেনি।
প্রসঙ্গত, পরীমণি বর্তমানে সংসার করছেন তরুণ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। এরপর গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন নায়িকা। পরে অবশ্য ২২ জানুয়ারি বড় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজপরী।
