বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নানা নাটকীয়তার জন্ম হয়েছে। নির্বাচনের আগে মিশা-জায়েদ প্যানেলে যুক্ত হন কালজয়ী চিত্রনায়িকা অঞ্জনা। যদিও অনেকের ধারণা ছিল, তিনি ইলিয়াস কাঞ্চনের প্যানেলের হয়ে লড়বেন। কেননা একসময় কাঞ্চনের নায়িকা ছিলেন তিনি।
কাঞ্চনের প্রতিপক্ষ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রার্থী হন অঞ্জনা। নির্বাচন শেষে জিতেও যান। কিন্তু সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয় নিয়ে শুরু হয় নানা জটিলতা। এর প্রেক্ষিতে তিনি এবং তার প্যানেলের অন্য কেউই শপথ গ্রহণ করেননি।
শোনা যাচ্ছিল, জায়েদ খান যদি আদালতের বিচারে হেরে যান, তাহলে তাদের প্যানেল থেকে জয়লাভ করা প্রত্যেকেই পদত্যাগ করবেন। ইতোমধ্যে নায়িকা রোজিনা ও নায়ক রুবেল সেই ঘোষণাও দিয়েছেন।
কিন্তু ভিন্ন পথে হাঁটলেন অঞ্জনা। অন্যদের ছেড়ে তিনি একাই সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে শপথ গ্রহণ করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে তাকে শপথবাক্য পাঠ করান কাঞ্চন।
শপথের পর অঞ্জনাকে ফুল দিয়ে বরণ করে নেন চিত্রনায়িকা নিপুণ।
অঞ্জনাকে শপথ পাঠ করানো শেষে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ি আমরা কার্যক্রম চালিয়ে যাবো। গঠনতন্ত্রের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই।’
কাঞ্চন বলেন, ‘যারা এখনও শপথ নেননি, আমি আশা করবো তারা শিগগির শপথ গ্রহণ করবেন। আমরা এখনও কার্যকরী কমিটির সভা করিনি, আশা করছি ৭ দিনের মধ্যে কার্যকরী পরিষদের সভা করবো। যারা যারা নির্বাচিত হয়েছেন, সেই সভায় সবাইকে দাওয়াত দেয়া হবে।’
নির্বাচিতদের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করে সভাপতি বলেন, ‘সমিতিকে ইনফর্ম না করে পর পর তিনটি সভায় কারো অনুপস্থিতি যদি থাকে, তাহলে গঠনতন্ত্র অনুযায়ি সয়ংক্রিয়ভাবে তার কার্যকরী সদস্য পদ বাতিল বলে গন্য হবে।’
