বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে ২০২২-২৪ মেয়াদে নেতৃত্ব দেবে ২১ জনের কমিটি। যার মধ্যে সাধারণ সম্পাদকের পদটি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান হতে পারে সোমবার।
নির্বাচনে অংশ নিয়েছিল মিশা-জায়েদ ও কাঞ্চন-নিপুণ প্যানেল। নবনির্বাচিত কমিটিতে দুই প্যানেলের প্রার্থীরাই জয়ী হয়ে এসেছেন।
তবে তারা একসঙ্গে কাজ করতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংকট। যার আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন ঘটনার মাধ্যমে। এরই মধ্যে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে জয়ী রোজিনা নিজেই তার পদত্যাগের কথা নিশ্চিত করেছেন।
শোনা যাচ্ছে, মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে জয়ী রুবেলও পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন।
অন্যদিকে, একই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন এমন গুঞ্জন চলচ্চিত্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে।
এ প্রসঙ্গে আজ রোববার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। আমি কেন পদত্যাগ করব? শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।’
ডিপজল বলেন, ‘এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না। একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসঙ্গে আছে। তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।’
তিনি বলেন, আমরা শিল্পীরা সবাই এক পরিবারের সদস্য। এখানে কোনো ধরনের ঝগড়া-ঝাটি করা উচিত নয়।
