প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
তার পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যুথি সোমবার এ রিট আবেদন করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।
তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগটি তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ। নির্বাচনে ‘ভোট কেনার’ অভিযোগ তুলে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার।
