বয়ফ্রেন্ড কী, সেটাই তো আমি জানি না: পূজা চেরি

ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। শুরুটা যদিও শিশুশিল্পী হিসেবে। তবে এখন নায়িকা হিসেবে তার বেশ নামডাক। ‘পোড়ামন ২’, ‘নূরজাহান’, ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তৈরি করেছেন দারুণ সম্ভাবনাও।

ইন্টারনেট সূত্রে পূজা চেরির বয়স এখন ২১। এছাড়া শিশুশিল্পী হিসেবে অভিনয় করার কারণে অনেকের কাছেই তাকে শিশুসুলভ মনে হয়। সম্প্রতি একটি রেডিও স্টেশনের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন পূজা। তিনি বলেন, ‘আমি বড় হতে চাই না। সবসময় ছোটই থাকতে চাই। যখন আমার ষাট বছর বয়সও হবে, তখনও আমি শুনতে চাই, এই বাচ্চা চেরি, বাচ্চা পূজা।’

পূজা চেরির প্রেম নিয়ে তেমন কোনো গুঞ্জন শোনা যায় না। তবে কি সত্যিকার অর্থেই তিনি সিঙ্গেল? নাকি প্রেমটা একান্ত গোপন রাখেন নিজের মধ্যে? সে প্রশ্নের হয়ত সহজে কিনারা হবে না। তবে পূজার কাছে জানতে চাওয়া হয়, বয়ফ্রেন্ডের মন নাকি কাঁচের গ্লাস, কোনটা বেশি ভেঙেছেন? জবাবে তিনি বলেন, ‘কাঁচের গ্লাস। কারণ বয়ফ্রেন্ড কী, সেটাই তো জানি না।’

উল্লেখ্য, পূজা চেরির অভিষেক ঘটেছিল ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে। তবে তিনি জনপ্রিয়তা পান ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে। এই দুটি সিনেমায় তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ।

বর্তমানে পূজার হাতে রয়েছে ‘শান’, ‘গলুই’, ‘সাইকো’, ‘ক্যাশ’ ও ‘সাইকো’সহ কয়েকটি সিনেমা। এর মধ্যে প্রথম দুটি সিনেমা কাজ শেষ। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মুক্তি পাবে সিনেমাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *