তিন দিনের মধ্যে বৃষ্টিপাত হবে, বাড়বে শীত: আবহাওয়া অফিস

ঢাকা- বর্তমানে তাপমাত্রা সহনীয় থাকলেও আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত এরপরই শীত ফের বাড়তে পারে।

শনিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রোববার (৯ জানুয়ারি) তা বেড়ে হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি।

ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ থেকে বেড়ে হয়েছে ১৪ ডিগ্রি, চট্টগ্রামে ১৫ দশমিক ৪ থেকে ১৬ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ৩ থেকে ১৪ দশমিক ৫, রংপুরে ১২ দশমিক ৮ থেকে ১৩ দশমিক ৩, খুলনায় ১৪ দশমিক ৫ থেকে ১৫, বরিশালে ১২ দশমিক ৬ থেকে বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

তবে রাজশাহীতে ১৪ ডিগ্রি থেকে কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *