ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না কনস্টেবল তাজুলের

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন পুলিশের কনস্টেবল তাজুল ইসলাম স্বজনদের সঙ্গে দেখা করে ফিরছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু একটি অজ্ঞাত গাড়ি কেড়ে নিলো তার প্রাণ।

রোববার (০৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার রাজেন্দ্রবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে এবং রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

নিহত তাজুলের ভাই রেজাউল করিমের বরাত দিয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে শনিবার নিজ বাড়ি কুড়িগ্রামে যান তাজুল। তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় সকাল ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানায় রয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে এবং কোন গাড়ি চাপা দিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *