আমাদের আর আলাদা ঘরে থাকতে হবে না: মিথিলা

বিনোদন ডেস্ক- চলতি বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হন দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও করোনা পজিটিভ আসে।

স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলা। গতকাল (৭ জানুয়ারি) এই অভিনেত্রীর করোনা পজিটিভ এসেছে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় একদিক থেকে যেন ভালোই হয়েছে মিথিলার! স্বামী এবং কন্যা করোনায় আক্রান্ত হওয়ায় এতদিন আলাদা ঘরে থেকেছেন তিনি। দূর থেকেই তাদের ওষুধ ও খাবার দিয়েছেন। তবে নিজেও করোনায় আক্রান্ত হওয়ায় সবার একসঙ্গে থাকতে আর বাধা রইল না।

বিষয়টি নিয়ে হেসে মিথিলা বলেন, ‘আমি নিজেও করোনায় আক্রান্ত হওয়ায় এখন আর আলাদা ঘরে থাকতে হবে না। সবাই যেহেতু করোনা পজিটিভ কেউ কারো কাছে যেতে আর সমস্যা নেই।’

এই অভিনেত্রী জানান, করোনায় আক্রান্ত হলেও এই মুহূর্তে তেমন কোনো সমস্যা হচ্ছে না তার। তবে হালকা ঠান্ডা ও কাশি আছে। তার মেয়ে আইরার অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে। স্বামী সৃজিতও সুস্থ হয়ে উঠছেন।

উল্লেখ্য, বর্তমানে স্বামীর কাছে কলকাতাতেই রয়েছেন মিথিলা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন তিনি। এরপর থেকে দুই বাংলাতেই থাকা হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *