এমপি আইভীকে সাপোর্ট না দিলে আমি কী করব: তৈমূর

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আইভীকে নাকি কেউ সাপোর্ট দেয় না। এখানে আমি কী করব! তাদের এমপি ও দলের নেতাকর্মীরা তাকে সাপোর্ট না দিলে সেখানে আমার করার কিছু নেই। সিটি করপোরেশনে অতিরিক্ত তিন-চার গুণ ট্যাক্স দিতে গিয়ে তো তারাও ভুক্তভোগী।’

শনিবার সকালে সিটির ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তৈমূর।

সাংসদ শামীম ওসমান ও তার বড় ভাই সংসদ সদস্য সেলিম ওসমান সমর্থন চান জানিয়ে তৈমূর বলেন, ‘নারায়ণগঞ্জে যারা এমপি আছেন আমি তাদেরও সমর্থন চাই। আমি মাঠে নেমেছি। জনগণসহ সবার সমর্থন চাইছি।’

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘শামীম ওসমান যখন ছাত্রনেতা, তখন আমি নারায়ণগঞ্জে একজন ডাকসাইটে শ্রমিক নেতা। আমি শামীমের পায়ে হাঁটি না। আমি নিজস্ব জনশক্তিতে হাঁটি। এখন কেউ যদি মনে করে নারায়ণগঞ্জের গণমানুষের চাহিদা পূরণের জন্য আমাকে প্রয়োজন, তারা যদি মনে করে তৈমূর আলম খন্দকারের কাছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিরাপদ, তাহলে তারা সে অনুযায়ী কাজ করবে।

‘আমার পক্ষে নারায়ণগঞ্জের সব স্তরের মানুষ নেমে এসেছে। তাদের কাছে ভোট চাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ভোটার হলে তার কাছেও ভোট চাইতে যেতাম। আমার বিশ্বাস, গত ৫০ বছরে আমার স্বচ্ছ, নির্ভেজাল গণমুখী কর্মকাণ্ড দেখে তিনি আমাকে ভোট দিতেন।’

এদিকে সিটির ২৪ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় শনিবার নির্বাচনি প্রচারে নেমে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, তৈমূর আলম খন্দকার শামীম ওসমান এবং সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্র প্রার্থীও নন।

তিনি বলেন, তিনি বলেন, ‘গতকাল (শুক্রবার) বন্দরে প্রচারণা চালানোর সময় সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সাথে ছিল। এতে প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল যে তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *