নজর২৪, ঢাকা- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃতুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘এভারকেয়ারের চিকিৎসকরা জানিয়েছেন—তারা প্রাণপণ চেষ্টা করছেন। উনার (খালেদা জিয়া) অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি।’
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর আহ্বানও জানান।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আবারও বলছি, আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানের ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা করুন। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডাক্তাররাই বলছেন, তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ্য হবেন। এটা তারা (চিকিৎসকরা) আশা করেন। এখানে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, তা যথেষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, উনার (খালেদা জিয়া) অসুখগুলো সারিয়ে তুলতে তারা পুরোপুরি সক্ষম নই।’
তিনি বলেন, ‘বিদেশে চিকিৎসাটা বড় জরুরি। এ কথা বারবার বলা হয়েছে। আজকে অন্যান্য দলগুলোও বলছে, সবাই বলছে। কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী সম্পূর্ণভাবে গ্রহণ করছেন না।’
আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান এই দেশের মানুষ গণতন্ত্রকে এরশাদের হাত থেকে ছিনিয়ে এনেছিল। আজকে সেই গণতন্ত্র পুরোপুরিভাবে হারিয়ে গিয়েছে। আজকে আওয়ামীলীগ ও তাদের নেত্রী শেখ হাসিনা একটি স্বৈরাচারী সরকারের প্রচণ্ড রকমের দমন পীড়নের ফলে আজকে বাংলাদেশের গণতন্ত্রের সমস্তকিছু ধ্বংস হয়ে গিয়েছে। অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যে নেত্রী গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন অতিবাহিত করলেন। যিনি একজন গৃহবধূ ছিলেন, শুধুমাত্র জনগণেরর অধিকার আদায়ের জন্য রাস্তায় বেরিয়ে এসেছিলেন এবং দেশের পথে প্রান্তরে ছুটে বেড়িয়েছিলেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে, বেয়াইনিভাবে, একটা মিথ্যা মামলা সাজিয়ে আটক করে রাখা হয়েছে বছরের পর বছর ধরে।
‘তিনি দীর্ঘ আড়াই বছর একটি নির্জন কারাগারে, কেন্দ্রীয় কারাগারে একটি নিম্নমানের ঘরের মধ্যে তিনি ছিলেন। যার ফলে অনেকগুলো ব্যাধি তার মধ্যে সৃষ্টি হয়েছে। সেখানে কোনো চিকিৎসার সুযোগ ছিল না। চিকিৎসা না দেয়ার ফলে আজকে তার অনেক রোগ দেখা দিয়েছে।’
খালেদা জিয়ার জনপ্রিয়তার বিষয়টি তুলে বলেন, ‘বন্ধুগণ, আমরা সবাই জানি আমাদের নেত্রী আমাদের হৃদয়ের কত কাছের মানুষ। এ দেশের ১৬ কোটি মানুষের কত কাছের মানুষ। একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করুন তিনিও দোয়া করেন যে আল্লাহ খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন। একজন শ্রমিককে জিজ্ঞেস করুন, তিনিও বলবে, আল্লাহ খালেদা জিয়াকে আপনি মুক্ত করে দেন।
‘এ নেত্রীকে অপমান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা। কারণ ১৯৭১ সালে তিনি গৃহবন্দি ছিলেন।’
