সঠিকভাবেই খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে: সংসদে আইনমন্ত্রী

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সঠিকভাবেই হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সংসদে এসব কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আইনের শাসন রয়েছে দেশে। তাই দেশে যথেচ্ছ করতে দেওয়া যায় না। সাজাপ্রাপ্ত একজন আসামির নিষ্পত্তি হওয়া আবেদনকে পুনর্বিবেচনা করার সুযোগ নেই, আইন মোতাবেক চলব। বিএনপি নেতারা যত গালমন্দ করুক, আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

 

আনিসুল হক বলেন, ‘যা দুদিন আগে বলেছি, তার পুনরাবৃত্তি করতে চাই না। আইনের অবস্থান অত্যন্ত পরিস্কার। আইন যা বলেছে, সেই মতে মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যদিও সাজাপ্রাপ্ত এবং দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে তার সাজা স্থগিত রেখে তাকে ছয় মাস, এবং তার পরে সেটা বর্ধিতকরণ করা হয়েছে।’

 

আইনমন্ত্রী সংসদে বলেন, ৪০১ ধারায় নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে পুনরায় বিবেচনার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের আইনের বইয়ে এটা নাই।

 

তিনি বলেন, ‘উনারা যদি আমাকে দেখাতে পারেন, আমি তো দেখিয়েছি, বাংলাদেশের আইনের বইয়ে এটা নেই। উনারা যদি দেখাতে পারেন, আমরা তো বিবেচনা করতে পারি। কিন্তু এটা আইনের বইয়ে নাই, উনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্নই আসে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *