নজর২৪ ডেস্ক- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতের সাংবাদিকরা। ভারত সফর শেষে ঢাকায় ফিরে একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকায় ফিরে বিকেলে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সফরসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সদ্যসমাপ্ত সফরে উপমহাদেশের প্রথম প্রেসক্লাব কলকাতা প্রেসক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র উদ্বোধন ও পশ্চিমবঙ্গ বিধান সভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেখানে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তরের কথা জানান।
ড. হাছান বলেন, ‘দুর্গাপূজার সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে কলকাতার সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল। উগ্র ধর্মান্ধগোষ্ঠী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে। সরকার কিভাবে দ্রুততম সময়ে সেই অপচেষ্টা শক্ত হাতে দমন করেছে, সেটি তাদেরকে বলেছি। ভারতের পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইনে এ বিষয়ে সংবাদ এসেছে।’
নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন এলেই বিএনপি এধরনের বক্তব্য দেয়। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেয়া, ২০১৮ সালের নির্বাচনে দোদুল্যমান অংশগ্রহণের পর আগামী নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির জন্যই ক্ষতিকর হবে।’
এর আগে ড. হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তার ঐচ্ছিক তহবিলের অনুদান, ক্যান্সারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদফতরের অনুদানের চেক ও সুদমুক্ত ঋণ বিতরণসহ বিভিন্ন ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা মিলনায়তনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বজন কুমার তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
