বিনোদন ডেস্ক: লাইমলাইটে থাকতে ভালবাসেন পরীমণি। মাঝে মাদক কাণ্ডে জেল খেটে যে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সেটা অনিচ্ছাকৃত হলেও খারাপ সময়টাকে ভুলতে যথাসাধ্য চেষ্টা করছেন পরীমণি। পু্রনো সবকিছু বদলে ফেলে নতুন আঙ্গিকে জীবন শুরুও করতে চলেছেন তিনি। শুরুটা করলেন নিজের জন্মদিনের পার্টি দিয়ে।
২৪ শে অক্টোবর ৩০ এ পা দিলেন পরীমণি। জন্মদিন উপলক্ষে জমজমাট আয়োজন করেছিলেন তিনি। প্রথমে দাদু শামসুল হক গাজীকে নিয়ে কেক কাটেন পরীমণি। উপস্থিত ছিলেন অভিনেত্রীর অন্য আত্মীয় স্বজনরাও। তারপর রাত আটটা থেকে শুরু হয় পার্টি। ঢাকার এক পাঁচতারা হোটেলে বসেছিল পরীমণির জন্মদিনের আসর।
গোটা পার্টি জুড়েই চমক রেখেছিলেন পরীমণি। বিমানের ককপিটের অনুকরণে তৈরি হয়েছিল মঞ্চ। এই থিমটা মাথায় রেখেই যাবতীয় আয়োজন হয়েছিল। এদিন আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড বেঁধে দিয়েছিলেন পরীমণি। আমন্ত্রণপত্রেও ছিল চমক। বিমানের টিকিটের আদলে তৈরি আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা ছিল ‘শুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এস এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো।’
লাল টপ ও সাদা স্কার্ট পরে পরীমণি মঞ্চে উঠে আসতেই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত অতিথি অভ্যাগতরা। আরেক দফা কেক কাটার পর্ব চলে সেখানেও। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি সাংবাদিকদের গালেও কেকের লাল ক্রিম মাখিয়ে দেন পরীমণি।
এরপরেই দেন দারুন এক চমক। বিশেষ কায়দায় বানানো পরনের স্কার্টটিকে গুটিয়ে লুঙ্গির মতো করে পরে বলিউডের শাহরুখ দীপিকার জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’ এর তালে নেচে ওঠেন পরীমণি।
তবে শুধুই জমকালো পার্টি না। জন্মদিনের দুপুরে অনাথ আশ্রমের শিশুদের সঙ্গেও কেক কেটে উদযাপন করেন পরীমণি। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়।এই মামলায় পরীমনিকে প্রথম দফায় ৪ দিন, দ্বিতীয় দফায় ২ দিন ও তৃতীয় দফায় ১ দিনসহ মোট ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।গত ৩১ আগস্ট পরীমনিকে জামিন দেওয়া হয় এবং পরদিন তিনি কারামুক্ত হন।
বিগত কয়েকদিন আগামী ছবি ‘গুনিন’-এর শুটিংয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছিলেন পরীমণি। জন্মদিনের জন্য সেখান থেকে ছুটি নিয়ে আসেন ঢাকায়। রবিবার জন্মদিনের পার্টি শেষ করে দুই দিন বিশ্রাম নিয়ে বুধবার থেকে আবারও ‘গুনিন’-এর শুটিংয়ে ফিরবেন বলেই জানা গিয়েছে।
