ঢাকাই ছবির অন্যতম রোমান্টিক নায়ক রিয়াজ। আজ মঙ্গলবার তার জন্মদিন। ১৯৭২ সালের ২৬ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন।
ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন যশোরের ছেলে রিয়াজ। তার স্বপ্ন ছিল, স্থপতি হবেন। কিন্তু পরিবারের উৎসাহে নাম লেখান বিমানবাহিনীতে।
যশোর বিমানবাহিনীতে পরীক্ষা দিয়ে নির্বাচিত হন। এরপর প্রশিক্ষণ শেষে যোগ দেন পাইলট হিসেবে। একটি জেট ফাইটারে মোট ৩০০ ঘণ্টা উড্ডয়ন সম্পন্নের মাধ্যমে নিজের অবস্থান পাকা করেছিলেন। কিন্তু ১৯৯৩ সালে শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরিচ্যুত হন তিনি।
সেই বৈমানিক পরবর্তী সময়ে হয়ে উঠলেন দেশের অন্যতম সেরা ও জনপ্রিয় নায়ক।
প্রয়াত নায়ক জসীমের হাত ধরে ‘বাংলার নায়ক’ নামের চলচ্চিত্রের মাধ্যমে রিয়াজের অভিষেক হয় ১৯৯৫ সালে। ১৯৯৭ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবির মাধ্যমে জনপ্রিয় নায়কে পরিণত হন এই নায়ক।
এরপর সালমান শাহের মৃত্যুতে যে শূণ্যতা দেখা দেয় প্রযোজক ও পরিচালকরা রিয়াজকে বেছে নেন সেই শূণ্যতা পূরণের নায়ক হিসেবে। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান রিয়াজ। নানা কারণে সেই জুটি ভেঙ্গে গেলে পূর্ণিমার সঙ্গেও জুটি বেঁধে দারুণ সাফল্য পান রিয়াজ।
দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা রিয়াজ উপহার দিয়েছেন ‘নারীর মন’, ‘বিয়ের ফুল’, ‘এই মন চায় যে’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘প্রেমের তাজমহল’, ‘স্বপ্নের বাসর’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হৃদয়ের বন্ধন’, ‘দুই দুয়ারী’, ‘কাজের মেয়ে’, ‘শ্যামল ছায়া’, ‘দারুচিনি দ্বীপ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘সাবধান’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘খবরদার’, ‘লাল দরিয়া’, ‘মিলন হবে কতদিনে’, ‘শাস্তি’, ‘কি যাদু করিলা’, ‘হাজার বছর ধরে’, ‘পাগল তোর জন্য’, ‘কৃষ্ণপক্ষ’সহ অসংখ্য ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমা।
এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ‘ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট’ নামে একটি ইংরেজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কলকাতার সঙ্গে বেশ কিছু যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে তাকে।
এদিকে নাটকের পর্দায়ও রিয়াজের বিচরণ সাফল্যমণ্ডিত। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটকে অভিনয় করেছিলেন রিয়াজ। এছাড়া অনেক খণ্ড নাটকেও দেখা গেছে তাকে। বিজ্ঞাপনের মডেল হয়েও দর্শকদের মাতিয়েছেন এ নায়ক।
অভিনয় নৈপুণ্যে রিয়াজ ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ৭ বার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
তবে অনেক বছর ধরে রিয়াজ সিনেমায় অভিনয় করেন না। ব্যবসা এবং পরিবার নিয়েই তার ব্যস্ততা এখন। স্ত্রী তিনা ও কন্যা আমীরাকে নিয়ে রিয়াজের সুখের সংসার।
