ইভ্যালির ওয়েবসাইট বন্ধ, যা বলছেন সংশ্লিষ্টরা

নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ওয়েবসাইট বন্ধ পাওয়া যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পরও ওয়েবসাইট বন্ধ দেখা যায়।

 

তবে এর আগে বিকেল থেকেই ওয়েবসাইট বন্ধের অভিযোগ করেন গ্রাহকরা। পরে খোঁজ নিলে সংশ্লিষ্টরা জানান, সার্ভার জটিলতায় তাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে।

 

এ বিষয়ে প্রতিষ্ঠানটি তাদের ভ্যারিফাইড ফেসবুকেও একটি পোস্ট দেয়। সেখানে তারা লেখে, আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট।

 

এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সব কর্মকর্তা-কর্মচারী শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিংও সাময়িকভাবে বন্ধ। এমন পরিস্থিতিতে সার্ভারসহ অফিসের খরচ চালানো এবং কর্মীদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের উকিলের মাধ্যমে সিইও’র বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে চার মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে ওঠা সম্ভব।

 

ইভ্যালির বিরুদ্ধে টাকা নিয়ে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারার অভিযোগ ছিল অনেক দিন ধরে। এসবের মাঝে গত ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

এরপর গুলশান থানায় করা অর্থ আত্মসাতের মামলায় তাদের তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত। এই মামলায় রিমান্ড শেষে ধানমন্ডি থানায় করা অর্থ আত্মসাতের অপর এক মামলায় রাসেলকে ফের রিমান্ডে পাঠানো হয়। আসামি দুজনই বর্তমানে কারাগারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *