সুযোগ পেলে ৪ মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে উঠা সম্ভব: ইভ্যালির এমডি

নজর২৪, ঢাকা- ই-কমার্স সাইট ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন গ্রেপ্তারের পর ১ মাস পর ইভ্যালির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

 

গ্রাহকদের অর্ডারের পণ্য দিতে না পারায় প্রতারণার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির মালিক রাসেল গ্রেপ্তারের পর হাজার হাজার পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস ইতোমধ্যে বন্ধ হয়ে যায়।

 

তবে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় থেকে এতদিন অফিসের কাজ করছিলেন। কিন্তু সার্ভারসহ, অফিসের খরচ চালানো ও কর্মীদের বেতন-ভাতার অনিশ্চয়তা দেখা যাওয়ায় এবার ইভ্যালির ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

আজ শনিবার (১৬ অক্টোবর) বিকালে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। এসময় কারাগারে থাকা ইভ্যালির সিইও রাসেলের বরাত দিয়ে ‘সুযোগ পেলে ৪ মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে উঠা সম্ভব’ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

ইভ্যালির ফেসবুক পোস্টে বলা হয়, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এ কাজকে এগিয়ে নিতে চাই। চাই আপনাদের সবার সহযোগিতায় আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে চালিয়ে যেতে। আর এ সুযোগ পেলে সবার সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ ছিলাম, আছি, থাকবো।

 

বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সব এমপ্লয়িরা শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। আমাদের সম্মানিত সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিংও সাময়িকভাবে বন্ধ। এমন পরিস্থিতিতে আমাদের সার্ভারসহ, অফিসের খরচ চালানো ও আমাদের এমপ্লয়িদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

আমাদের উকিলের মাধ্যমে সম্মানিত সিইও’র বক্তব্য হলো- সুযোগ ও সময় পেলে আমাদের পক্ষে চার মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে উঠা সম্ভব।

 

এ পরিস্থিতিতে আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

গ্রাহক ও সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে আমাদের এ যাত্রায় আমরা আপনাদের পাশে পেয়েছি সব সময়। আপনাদের এ ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও আমরা এভাবে আপনাদের পাশে চাই।

 

আপনাদের ভালোবাসার শক্তি আমাদের অদম্য পথচলার প্রেরণা। ইভ্যালির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *