নজর২৪ ডেস্ক- নানারকম সংকটের মধ্যেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। করোনা সংক্রমণে মানুষের আয় কমলেও কমেনি কোটি টাকার আমানতকারী। দেশে এখন কোটি টাকার ব্যাংক হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা প্রায় ১ লাখ। যা ছয় মাস আগেও ছিল প্রায় ৯৪ হাজার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে দেশে মোট আমানতকারীর সংখ্যা ১২ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ২৬৬টি। এসব হিসাবে আমানতের পরিমাণ ১৪ লাখ ৩৯ হাজার ৭৬৩ কোটি টাকা।
এর মধ্যে কোটি টাকার হিসাব ৯৯ হাজার ৯১৮টি। এসব হিসাবে আমানতের পরিমাণ ৬ লাখ ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা। অর্থাৎ মোট আমানতের প্রায় ৪৪ শতাংশই কোটিপতি হিসাব।
ছয় মাস আগে অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বরে কোটি টাকার বেশি হিসাব ছিল ৯৩ হাজার ৮৯০টি। হিসাবগুলোতে আমানতের পরিমাণ ছিল ৫ লাখ ৯৫ হাজার ২৮৬ কোটি টাকা।
অর্থাৎ ছয় মাসে দেশে কোটিপতি হিসাব বেড়েছে ৬ হাজার ২৮টি। আর এসব হিসাবে আমানত বেড়েছে ৩৯ হাজার ৩৮৯ কোটি টাকা।
তবে কোটি টাকার হিসাব মানেই সব ব্যক্তি হিসাব নয়। কারণ, ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও অনেক প্রতিষ্ঠান রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তারও কোনো সীমা নির্দিষ্ট নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।
এদিকে অর্থনীতিতে যখন কোনো সংকট বিদ্যমান, আয়ের পথ সংকুচিত হয়, তখন এক শ্রেণির মানুষের হাতে অর্থবিত্ত বেড়ে যাওয়া সুখের লক্ষণ নয় – এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তাদের ধারণা, এটি দেশে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ।
তবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় অনেকেই ব্যবসা-বাণিজ্যে টাকা খাটাচ্ছে না। এই টাকাগুলোই ব্যাংকে আসছে আমানত হিসেবে।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, করোনার সময়ে কিছু কিছু খাত যেমন চিকিৎসা সামগ্রী, তথ্যপ্রযুক্তি খাত ভালো ব্যবসা করেছে। এসব টাকা ব্যাংকে জমা হয়েছে। আবার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেশ শক্তিশালী অবস্থানে আছে। কারণ অনেক প্রবাসী জমানো টাকা নিয়ে একবারে দেশে ফিরে এসেছেন। মূলত এসব কারণে ব্যাংকে কোটি টাকার হিসাব বেড়ে গিয়ে থাকবে।
