নজর২৪, ঢাকা- ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালিতে গ্রাহকের টাকা শতভাগ নিরাপদ বলে জানিয়েছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে রাসেল জানান, এখন ইভ্যালি আর অস্বাভাবিক অফার দেয় না। এখনও কিন্ত ইভ্যালির বিক্রি ভালোই হচ্ছে এবং দিন দিন বাড়ছে। সবচেয়ে বড় নিশ্চয়তা হলো, গ্রাহকদের টাকা তাদের পণ্য হাতে পাওয়ার পূর্ব পর্যন্ত গেটওয়েতে নিরাপদ থাকে। শুধুই প্রয়োজন কিছুটা সময়। ইকমার্স পৃথিবীর বুকে সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রি, যার শুরুটা হয়তো একটু কঠিন।
এদিকে শনিবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে অন্য আরেক স্ট্যাটাসে ইভ্যালির এমডি বলেন, ‘আমরা চাই ইভ্যালি পুরাতন সকল অর্ডার ডেলিভারি করুক। আমরা চাই ইভ্যালি বিনিয়োগ পাক। কিন্তু আবার আমরাই সকল জায়গাতেই ইভ্যালির বিরুদ্ধেই বলি। অনেকেই অর্ডার করতে নিরুৎসাহিত করি।’
তিনি বলেন, ইভ্যালি ৮০ (আশি) লক্ষ ডেলিভারি করেছে বিগত দিনগুলোতে। নতুন নিয়মে মানিয়ে নিয়ে বিজনেস করতে হয়তো কিছুটা সময় লাগছে। ভরসা রাখুন এবং কিছুটা সময় দিন। ইভ্যালি আপনাদের সকল অর্ডার ডেলিভারি করবে।
ইভ্যালির এমডি বলেন, আপনাদের সাপোর্ট পেলে বিনিয়োগ পেতে বেশি সময় লাগবে না। প্রয়োজন শুধুই পজিটিভ মনোভাব।
আমরা শীঘ্রই আমাদের ডেলিভারির প্রতিটি ইনভয়েস বাজার মূল্যসহ প্রকাশ করব। সেখান থেকে আপনারা হিসেব করে দেখবেন আমরা কত টাকা অর্ডার পেয়েছি এবং কত টাকা ডেলিভারি করেছি।
মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালি কোন দূর্নীতি করেনি। এই মুহূর্তের সবচেয়ে প্রয়োজনী বিষয় হলো আপনাদের সাপোর্ট। বিগত দিনগুলোতে যারা পণ্য পেয়েছেন তারা আমাদের পাশে থাকুন, পজিটিভ কমেন্ট করুন।
২০১৮ সালে যাত্রা শুরু করে ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালি। লোভনীয় ডিসকাউন্ট কিংবা ক্যাশ ব্যাকের অফার দিয়ে দ্রুতই গ্রাহকদের কাছে পরিচিতি পেয়ে যায় প্রতিষ্ঠানটি। কিন্তু সময়মত পণ্য না দেওয়াসহ নানা অভিযোগে বর্তমানে সমালোচনার শীর্ষে অবস্থান করছে ইভ্যালি।
এদিকে আলোচিত সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ যমুনা। কিন্তু সম্প্রতি এ সিদ্ধান্ত থেকে সরে আসে শিল্প গ্রুপটি।
এমন পরিস্থিতিতে মোহাম্মদ রাসেল জানিয়েছেন যে তারা বিদেশী বিনিয়োগ খুঁজছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যমুনা গ্রুপের সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা প্রতিনিয়ত নতুন বিনিয়োগ টানার চেষ্টা করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ইভ্যালির নিয়মিত ব্যবসায়িক লেনদেন আছে বলে বিনিয়োগ পাব বলে আশা করছি আমরা। আগেও আমরা বিভিন্ন স্থানীয় কোম্পানির সাথে বিনিয়োগের জন্য কথা বলেছি এবং চেষ্টা চালিয়ে যাব।’
রাসেল আরও বলেন, ‘এখন আমরা বিদেশি বিনিয়োগ পাওয়ার চেষ্টা করছি।’
আরও পড়ুন-
৬ কোটি টাকা আয় করতে ১০০ কোটি লোকসান করেছে ইভ্যালি!
