মাইকিং করেও টিকা দেওয়ার লোক পাওয়া যাচ্ছিল না : অর্থমন্ত্রী

নজর২৪, ঢাকা- করোনার ভ্যাকসিন (টিকা) বিষয়ে এক প্রশ্নের জবাব না দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বললেন, ‘সবাইকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে। এ জন্য অর্থেরও ব্যবস্থা করেছি।’

 

২০২১-২২ অর্থবছরের বাজেট–উত্তর ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আজ শুক্রবার (০৪ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।

 

আ হ ম মুস্তফা কামালের কাছে প্রশ্ন ছিল, বাজেট বক্তব্যে তিনি যে বললেন প্রতি মাসে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। এভাবে দিতে গেলে তো চার বছর লেগে যাবে।

 

প্রশ্ন শুনে অর্থমন্ত্রী প্রথমেই বলেন, ‘কোথায় পেলেন এ তথ্য?’ জবাবে সাংবাদিক জানান, ‘আপনার বাজেট বক্তব্যেই তা বলা আছে।’

 

তখন অর্থমন্ত্রী আবার বলেন, ‘শুরুর দিকে মাইকিং করেও টিকা দেওয়ার লোক পাওয়া যাচ্ছিল না। তবে পর্যায়ক্রমে সবাইকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।’

 

এর আগে গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তব্যের ৪৫ পৃষ্ঠায় অর্থমন্ত্রী বলেছেন, ‘মোট ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার আওতায় আনার জন্য ভাগ ভাগ করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে ঝুঁকিপূর্ণ জনগণকে টিকা দেওয়া হবে এবং প্রতি মাসে ২৫ লাখ করে টিকা দেওয়া হবে।’

 

সংবাদ সম্মেলনে আজ অর্থমন্ত্রী বলেন, বাজেট সবার জন্য। আমাদের ঋণের পরিমাণ বেশি হয়নি। ব্যয় করলে আয় আসবে, ব্যয় করলে বিনিয়োগ হবে। রেভিনিউ জেনারেশন সংখ্যা বাড়ছে। আমাদের রপ্তানিবাণিজ্য বেড়েছে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। এজন্য আইটিখাত আরো সমৃদ্ধ করতে হবে, দক্ষ জনবল তৈরি করতে হবে।

 

প্রবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিগত সময়ে যা বলেছি তাই করেছি। আমরা জিডিপি নিয়ে যা বলেছি তাই হয়েছে। যখন যা বলছি তাই বাস্তবায়ন অর্জন করে দেখাতে পারছি।

 

দারিদ্র জনগোষ্ঠী প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে এখনো ২৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বিআইডিএস ও বিবিএস এটা নিয়ে কাজ করবে। আমরাও কাজ করবো। আমাদের কাজই হচ্ছে দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষকে নিয়ে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দারিদ্র্য ও পিছিয়ে পড়া মানুষকে খুঁজে বের করতে হবে। আমরাও সেই মোতাবেক কাজ করছি। যাদের বাসস্থানের ব্যবস্থা নেই তাদের বাসস্থান ও ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। যাদের জমি নেই তাদের ঘর করে দিচ্ছি, এটা পৃথিবীর কোথাও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *