নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ এপ্রিল) বিকেলে ৫টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা একটি মামলায় মুফতি শরাফত হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে একইদিন বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির খুরশিদ আলম কাসেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ নিয়ে গত এক সপ্তাহে পুরাতন ও নতুন মামলায় হেফাজতে ইসলামের অন্তত ১৪ জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার হওয়া অনেক নেতার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে, অনেককে পুরাতন এবং সম্প্রতি করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।।
