কবর থেকে লাশ চুরির সময় কবিরাজ গ্রেপ্তার

নজর২৪, রাজশাহী- কবর থেকে এক নারীর লাশ চুরির সময় এক কথিত কবিরাজকে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার রাতে এলাকার একটি কবরস্থান থেকে তাকে ধরে ফেলেন গ্রামবাসী। রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

কবিরাজ দিলীপ দাস (৫২) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত যতন দাসের পুত্র।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, দিলীপ দাসের বাবা যতন দাস গ্রামে ঝাড়ফুঁকের কবিরাজ ছিলেন। যতন দাস মারা যাওয়ার পর তার ছেলে দিলীপ দাস কবিরাজী শুরু করেন। মঙ্গলবার রাতে দিলীপ দাস স্থানীয় কবরস্থানে প্রবেশ করে এক নারীর কবরের বেড়া কেটে মাটি খোঁড়া শুরু করেন।

 

এ সময় লুৎফর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি মাটি খোঁড়ার শব্দ পেয়ে এগিয়ে গেলে দিলীপ কবর থেকে দ্রুত উঠে পালানোর চেষ্টা করে। চিৎকার ও চেঁচামেচির শব্দে এলাকাবাসী ছুটে এসে দিলীপকে ধরে ফেলে।

 

পরে গোদাগাড়ী থানায় খবর দেওয়া হয়। গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

লুৎফর রহমান জানান, মাস খানেক আগে সন্তান সম্ভবা এক নারী রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১২-১৩ দিন আগে মারা যান তিনি। আগুনে পোড়া মৃত ব্যক্তির লাশ বলেই হয়তো কবিরাজ দিলিপ তার কঙ্কাল চুরি করতে চেয়েছিলেন। তবে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলার কারণে তিনি ধরা পড়েন।

 

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, এই ঘটনায় ২৯৭ ধারায় অনধিকার প্রবেশ করে মৃত ব্যক্তির দেহের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *