নজর২৪ ডেস্ক- নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে এই ছাত্র সংগঠনটির যাত্রা শুরু হয়।
তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনিয়ম, স্বৈরাচারী মনোভাবের কারণে ভাগ হয়ে যাওয়া অংশটি আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির মূল নাম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ব্যনারেই।
২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে যাত্রা শুরু হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের। পরবর্তীতে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ হিসেবে সম্বোধন করার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল বুধবার তৃতীয় বর্ষ পেরিয়ে চতুর্থ বর্ষে পা রাখলো এই সংগঠনটি।
এদিকে গত বছরের ১৫ অক্টোর সংগঠনের নেতা ছাত্র এপিএম সোহেলের নেতৃত্বে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে আত্মপ্রকাশ করে। আর্থিক অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনা, ত্যাগী ও দুঃসময়ের সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করার কারণেই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছিল।
বুধবার সকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্ত্বরে বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কার্যক্রমের উদ্বোধন করে নূর-রাশেদ গ্রুপের নেতৃত্বাধীন অংশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এসময় সেখানে ডাকসু সাবেক ভিপি ও পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান, মশিউর রহমান, সোহরাব হোসেন, মাহফুজুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কার্যক্রমের উদ্বোধন শেষে পরিষদের নেতাকর্মীরা একটি আনন্দ র্যালি বের করেন। র্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে শহীদ মিনার, পলাশী চত্ত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতন্ত্র তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন মোড়, গাউছিয়া মার্কেট প্রদক্ষিণ করে শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অন্যদিকে, দুপুর দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গনে কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করে সংগঠনটির আরেক অংশ ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। সংগঠনের আহ্বায়ক এপিএম সুহেল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় সেখানে সংগঠনটির সদস্য সচিব ইসমাইল স¤্রাট, উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ মধু, যুগ্ম আহবায়ক জালাল আহমেদ, রিয়াদ হোসেন,শাকিল আদনান, নাদিম খান নিলয়, ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক সৈয়দ সামিউল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক একেএম রাজন হোসাইনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
