দেশে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা আজ

দেশের উত্তরাঞ্চল এবং রাজশাহী, ঢাকা ও খুলনাসহ অনেক জেলায় চলমান শৈত্যপ্রবাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। ঢাকার জন্য এটাও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মঙ্গলবার মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

“আজ সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে। তাতে কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ প্রশমিত হবে এবং কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।”

দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *