মা-ছেলের জন্মদিন পরপর। তাই উদযাপনটাও দ্বিগুণ হয়। ১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন আর ঠিক দুদিন পরই অর্থাৎ ১৫ আগস্ট ছেলে ঝিনুকের জন্মদিন। শ্রাবন্তীর জীবনের ওঠাপড়ার মধ্যেও তাঁর ছেলেকে নিয়েই দিন কাটে অভিনেত্রীর।
কারণ মা-ছেলের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুজনের মধ্যে বয়সের ফারাক মাত্র ১৬ বছরের। এবারের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন ঝিনুক। তবে এ দেশে নয়, থাইল্যান্ডের পাতায়াতে রাজকীয়ভাবে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন প্রেমিকা দামিনী ঘোষ।
জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দামিনী। পাতায়ার বিলাসবহুল হোটেলের সুইমিংপুলের জলে প্রেমিকাকে জাপটে ছবি তুলেছেন অভিমন্যু। তাদের অন্তরঙ্গতা স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। জন্মদিনে প্রেমিকের জন্য তার প্রিয় চকলেট কেকেরও আয়োজন করেছিলেন দামিনী।
বছর দুয়েক আগে তিন বছরের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন ঝিনুক। তার পর থেকে একে অপরের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন অভিমন্যু দামিনী। একসঙ্গে ঘুরতেও গেছেন তারা।
অভিমন্যু দামিনীর সম্পর্ক নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছিল শ্রাবন্তীকে। তিনি নিজেও হবু বউমার সঙ্গে ঘুরে এসেছেন। একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রায়ই কমেন্টও করেন দুজনে। দামিনীকে হবু বউমা হিসেবে যে শ্রাবন্তীর বেশ পছন্দ, সেটিও স্পষ্ট হয়ে গেছে সবার কাছে।
