সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাণিজ্যিক ঘরানার বোল্ড অবতারে এই অভিনেত্রীকে দেখে অভ্যস্ত দর্শকরা। গান, আইটেম সঙ কিংবা অভিনয়ে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সিনেমায় তার উপস্থিতি দর্শকের মনে অন্যরকম দোলা দেয়। হাওয়া দেয়।
২০২৩ সালে একের পর এক কাজের সংবাদ দিয়েই যাচ্ছেন তিনি। সব মিলিয়ে বছরটি বেশ ভালোই যাচ্ছে। তবুও ব্যক্তিগত বিষাদ তাকে মাঝেমধ্যে বেশ আক্রান্ত করে বসে। সেখান থেকে বের হতে পারেন না তিনি। তার ভাষায়, “সবশেষে তিনি তো মানুষ।”
ব্যক্তিগত বিষাদ কাটিয়ে উঠতে কাজের ব্যস্ততা যেমন বাড়িয়েছেন তিনি তেমনি নতুন প্রেমে পড়ার চেষ্টাও করছেন। এ বছরই বিচ্ছেদের খবর জানান তিনি। টানা ১০ বছরের প্রেম তারপর আংটি বদল হওয়ার পর রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান ভেঙে গেছে তার। তবে সেটি কাজের ব্যস্ততায় ঢেকে ফেলতে চেয়েছেন তিনি।
এ নায়িকা বলেন, ‘প্রেম থেকে বাগদান হয় আমাদের। টানা ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ভেঙে গেছে। তার জন্য মন খারাপ তো আছেই। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু সেই মন খারাপের সময়টা অন্যভাবে পার করার চেষ্টা করে যাচ্ছি আমি।’
ভেঙে যাওয়ার পর ১০ বছরের সম্পর্কের স্মৃতি কি খুব বেশি মনে পড়ে; জানতে চাইলে ফারিয়া বলেন, ‘তা তো পড়েই। এত দীর্ঘ সময়ের জার্নি। কত কথা, কত স্মৃতি। কেন মনে পড়বে না? আমি তো মানুষ, নাকি? আর মনে না পড়াই তো অস্বাভাবিক।’
ফারিয়া আরও বলেন, ‘আমি মনে হয় আগের আমলের মানুষের মতো প্রেম করি। এ যুগের সঙ্গে মেলে না। এদিক-ওদিক ঘুরেফিরে বুঝলাম, এ যুগের ছেলেদের কাছে প্রেমিকা হিসেবে আমাকে মানায় না, পোষাবে না। হা হা হা…।’
তাহলে কি নতুন প্রেমে পড়েছেন; এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘পড়িনি, তবে চেষ্টা করছি না, ঠিক তাও নয়। আমিও তো হিউম্যান বিয়িং। অবশ্যই প্রেমে পড়তে চাই আমি।’
এরপর একটু মজার ছলেই ফারিয়া বলেন, ‘প্রেমের জন্য কথাবার্তা বলতে গিয়ে বুঝলাম, আমি মনে হয় সেকেলে। আর আপনি যদি টানা ১০ বছর প্রেম করেন, সেকেলে তো হবেনই। আমার কাছে তো তাই-ই মনে হচ্ছে এখন।’
প্রেম নিয়ে এই নায়িকার আরও মন্তব্য, ‘বর্তমান যুগটা আমার কাছে অদ্ভুত মনে হয়। এ যুগের প্রেমের ব্যাকরণ বুঝতেই মনে হয় আমার অর্ধেক বয়স চলে যাবে। এমনিতেই সাকসেসফুল মেয়েদের সঙ্গে ছেলেরা প্রেম করতে একটু ভয় পায়, আর তার মধ্যে যদি নুসরাত ফারিয়া হয়, তাহলে তো ঝামেলাই।’
