নজর২৪, ঢাকা- ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।
সকালে ফরিদুল হক খান নিজেই ফোনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে শপথ হবে। আমাদের সন্ধ্যা ৬টার মধ্যে গণভবনে থাকতে বলা হয়েছে। আমার জন্য দোয়া করবেন।’
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, ফরিদুল হক খানকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। সন্ধ্যায় শপথের পর তার দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
মন্ত্রিসভায় ধর্ম মন্ত্রণালয় এখন শূন্য রয়েছে। টেকনোক্র্যাট কোটায় স্থান ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ মো. আবদুল্লাহ গত ১৩ জুন মারা যাওয়ার পর নতুন কাউকে সেই দায়িত্ব দেওয়া হয়নি।
রুলস অব বিজনেস অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী অধীনে চলে যায়। সেই থেকে ধর্ম মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে ছিল।
উল্লেখ্য, ৬৪ বছর বয়সী ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন (ইসলামপুর) থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ফরিদুল হক খান ১৯৫৬ সালের ২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম। জানা গেছে, তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
