খ্যাতির মোহ কখনো আমাকে পেয়ে বসেনি: সামিরা মাহি

বর্তমান সময়ে টিভি নাটকের তরুণ অভিনয় শিল্পীদের মধ্যে অন্যতম সামিরা খান মাহি।কারণ দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে প্রতিনিয়তই। ইতোমধ্যে তিনি উপহার দিয়েছেন বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় নিয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মাহি জানিয়েছেন, খ্যাতির মোহ কখনও তাকে পেয়ে বসেনি।

মাহি বলেন, ‘খ্যাতির মোহ কখনো আমাকে পেয়ে বসেনি। সিনেমা কিংবা টিভি পর্দায় প্রতিদিন নিজেকে দেখা যাবে এমন বাসনাও ছিল না। যে জন্য কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিইনি। সেই কাজটি করতে চেয়েছি, যেটা নিজের ভালো লাগবে। এমন গল্প ও চরিত্র চেয়েছি, যা দর্শকের মনে আঁচড় কাটবে।’

নাটক-টেলিছবির পর এবার ওয়েব দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে মাহির। ‘ওভার ট্রাম্প’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এই সিরিজে তার বিপরীতে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত মাহি।

তিনি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ তিনি তো অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু চঞ্চল ভাই এত বেশি সহযোগিতাপরায়ণ, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি।’

ওটিটির কারণে অনেক শিল্পীই টিভি নাটকে কাজ করা কমিয়ে দিয়েছেন। আপনিও কি সেই পথেই হাঁটছেন? এমন এক প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘যারা নাটক ছেড়ে ওটিটিতে অভিনয় করছেন, এটা তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। আমার কাছে মাধ্যম কোনো বড় বিষয় নয়। ওটিটিতে ভালো কাজ হলে করব। তাই বলে টিভি নাটক বাদ দিতে হবে এটা মনে করি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *