নিজেদের প্রযোজনার বাইরে কোনো সিনেমায় আগে অভিনয় করেননি ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। এ পর্যন্ত তাদের অভিনীত যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, সবকটির প্রযোজক অনন্ত নিজেই। এর মধ্যে দুটি সিনেমা অন্য দেশের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘দিন : দ্য ডে’ নির্মিত হয়েছে ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায়। অন্যদিকে শুটিংচলতি ‘নেত্রী : দ্য লিডার’ নির্মিত হচ্ছে তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায়। বাইরের একক প্রযোজনায় কখনই তাদের অভিনয় করা হয়নি। আগেই জানিয়েছেন, গল্প ও বাজেট পছন্দ হলে এবং সময় পেলে বাইরের প্রযোজনার সিনেমায় কাজ করতে তাদের আপত্তি নেই।
অবশেষে গেল বছরের মাঝামাঝি ঘোষণা দেন নিজেদের প্রযোজনার বাইরে সিনেমায় কাজ করছেন তারা। প্রযোজক ও পরিচালক মো. ইকবাল অনন্ত ও বর্ষাকে তার নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। গল্প ও বাজেট পছন্দ হওয়ায় তারাও রাজি হন। বেশ ঘটা করে এফডিসিতে সিনেমাটির মহরতও হয়। নাম ‘কিল হিম’। মহরতের সময় ঘোষণা দেওয়া হয়েছিল নভেম্বরে শুটিং শুরু করবেন নির্মাতা। কিন্তু তা হয়নি। তবে সিনেমাটির শুটিং শুরু হয় গেল ডিসেম্বরে।
বগুড়ায় অ্যাকশনদৃশ্য ধারণের মধ্য দিয়ে সিনেমাটির ক্যামেরা ওপেন হয়। এখানেই হয়েছে বেশিরভাগ অংশের শুটিং। এরই মধ্যে দৃশ্যায়ন শেষ করে আগামী ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘কিল হিম’। ছবিতে তাঁর চরিত্র এবং চলচ্চিত্রের অন্যান্য বিষয় নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
‘কিল হিম’ নিয়ে বলেন, ছবিটি বলতে পারেন পুরোই টুইস্টে ভরা। ছবির সব চরিত্রই মূলত ভিলেন, এমনকি আমি আর বর্ষা মানে এ ছবির নায়ক-নায়িকা দুজনও ভিলেন, বর্ষা আমাকে ভিলেনে পরিণত করে। ভিলেনে ভরা এ ছবির প্রতিটি দৃশ্য দর্শক মহাউৎকণ্ঠার সঙ্গে দেখবে। কারণ ছবির শেষ দৃশ্য পর্যন্ত বোঝতে পারা যাবে না আসলে পরের দৃশ্যে কী হবে। এক কথায় সাসপেন্সের ছবি বলা যায় এটিকে।
তাহলে বাণিজ্যিক ছবির নিয়মিত ফর্মুলা প্রেম আর গান থাকছে না?, তিনি বলেন, অবশ্যই থাকছে, এ ছবির দুটি গান শুট করতে শিগগিরই কাশ্মীরে যাব। প্রেম, রোমান্টিক গান, ফাইট থেকে শুরু করে নির্মল আনন্দ ও বিনোদনের সব উপকরণ থাকছে ছবিতে।
আপনি সব সময় নিজের প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন, এবার বাইরের ছবি, এতে পার্থক্য কতটা? অনন্ত বলেন, পার্থক্য তো অনেক আছে। যেমন একটি বিষয়ের কথা বলি, আগে নিজের ছবিতে এক শিফটে কাজ করতাম। আর এখন বাইরের এ ছবিতে সকাল ৯টা থেকে রাত ৩-৪টা পর্যন্ত কাজ করে যাচ্ছি। কারণ ছবির প্রযোজক চাইছেন ঈদে ছবিটি মুক্তির জন্য দ্রুত কাজ শেষ করতে। সে হিসেবে নির্মাতাকে সহায়তা করা আমার দায়িত্ব।
নিজে আবার কখন ছবি প্রযোজনায় আসছেন? এ অভিনেতা বলেন, না, আর কখনই ছবি প্রযোজনায় আসব না। নিজে আর ছবি নির্মাণ করব না। বাইরের নির্মাতাদের ছবিতেই অভিনয় করব।
ছবি প্রযোজনা থেকে সরে আসার কারণ কী?, তিনি বলেন, আসলে আমি চলচ্চিত্র শিল্পকে কিছু দিতে চাই। বাইরের প্রোডাকশন হাউসগুলো আমাকে নিয়ে অনেক আগে থেকেই কাজ করার আগ্রহ দেখিয়ে আসছিল। তখন কিন্তু করিনি। এখন দেখছি আমি যদি বাইরের ছবিতে কাজ করি তাহলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সবার উপকার হবে। দর্শক আমার ছবি দেখতে চায় বলে বছরে যদি বাইরের চারটি ছবিতেও কাজ করি তাহলে চলচ্চিত্রের সবার রুটি-রুজির পথ সুগম করবে।
