প্রথমবার ঢাকায় মেট্রোরেলে উঠে উচ্ছ্বসিত সাফা কবির

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন। ওইদিন বিভিন্ন শ্রেণিপেশার দুইশোর বেশি সঙ্গী নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন সরকারপ্রধান। পরদিন ২৯ ডিসেম্বর থেকে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পরদিন থেকেই স্টেশন দুটিতে ছিল উৎসুক যাত্রীদের উপচেপড়া ভিড়। এমনকি ভোর থেকেই দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা করতেও দেখা গেছে।

ধীরে ধীরে এখন সেটি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। প্রথমবারের মতো ঢাকায় মেট্রোরেলে সফর করে বেশ উচ্ছ্বসিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

রোববার (২৯ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় মেট্রোরেলের ভেতর তোলা একটি ছবি পোস্ট করেছেন সাফা। তিনি লিখেছেন, ‘ঢাকায় আমার প্রথম মেট্রোরেল সফর। এখন আমাদের শহরে মেট্রোরেল আছে, যা দেখে আমি খুব গর্বিত।’

প্রসঙ্গত, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলছে। কমলাপুর পর্যন্ত প্রকল্পটির কাজ শেষ হতে আরও সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *