পুরো নাম আব্দুন নূর সজল। তবে সজল নামেই শোবিজ জগতের সকলের কাছে পরিচিত হাসিমুখের এই অভিনেতা। সবসময় মুখে হাসি লেগেই থাকে। টেলিভিশন নাটকে ২ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। অনেক পরে এসে সিনেমায় নাম লিখিয়েছেন।
এখন একইসঙ্গে নাটক, সিনেমা ও ওটিটিতে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। চলতি বছরে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাবে। অভিনয়সহ নানা বিষয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন সজল। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-
প্রশ্ন: আপনার ক্যারিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে।
সজল: হ্যাঁ, বেশ আগে সেটা। আফজাল হোসেনের পরিচালনায় মডেলিং শুরু। পরে এসে আরও অনেকের পরিচালনায় করেছি। মডেলিংয়ে শুরুটা বেশ ভালোভাবে হয়েছিল।
প্রশ্ন: আফজাল হোসেন ও হুমায়ুন ফরীদি ২ জনের সঙ্গেই কাজ করেছেন। কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
সজল: ২ জনই দেশের বিখ্যাত অভিনেতা। এত মেধাবী শিল্পী যা বলে শেষ করা যাবে না। আমার সৌভাগ্য ২ জনের সঙ্গেই অভিনয় করার সুযোগ ঘটেছে। তাদের কাছে আমি ঋণী। ফরীদি ভাইয়ের সঙ্গে অভিনয় করার স্মৃতি এখনও চোখে ভাসে। তিনি শুধু বড় অভিনেতা নন, বড় মাপের মানুষও। আফজাল হোসেনও একই রকম। আফজাল হোসেনের সহযোগিতার কথা ভুলব না কখনো। আমার জীবনে তার ভালেবাসা ও আশীর্বাদ অনেক।
প্রশ্ন: মৌসুমী, পূর্ণিমা, পপিসহ সিনেমার অনেক নায়িকার সঙ্গে নাটকে অভিনয় করেছেন। কার সঙ্গে কাজ করে বেশি ভালো লেগেছে?
সজল: এককভাবে কারও নাম বলতে চাই না। সবার সঙ্গে অভিনয় করেই ভালো লেগেছে। প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা স্মৃতি আছে, প্রত্যেকই ভালো করেছেন। মৌসুমী আপা আমাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করেন। পূর্ণিমার হাসি অসাধারণ। পপিও দারুণ। সবাই ভালো।
প্রশ্ন: মম ও মেহজাবীনের সঙ্গে অনেক নাটক করেছেন। প্রেমে পড়েছেন কোনো নায়িকার?
সজল: না, কোনো নায়িকার প্রেমে পড়িনি। মম ভীষণ ভালো অভিনেত্রী। মেহজাবীনও অসাধারণ অভিনেত্রী। মেহজাবীন নিজেকে অনেক দূর নিয়ে গেছে। ২ জনই আমার খুব প্রিয়।
