দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। বক্স অফিসে তার অভিনীত অধিকাংশ সিনেমাই সাফল্য পেয়েছে। তামিল সিনেমার মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন হচ্ছেন এই অভিনেতা। তবে এবার বাবার পথেই পা বাড়াল অভিনেতার ৬ বছরের মেয়ে আল্লু আরহা।
এত ছোট বয়সেই ‘শকুন্তলম’-এর মতো ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখছে আরহা। আর বড় পর্দায় সামান্থা রুথ প্রভুর সঙ্গে আত্মপ্রকাশ ঘটছে এই ক্ষুদে অভিনেত্রীর।
বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক সিনেমা ‘শকুন্তলম’। যেখানে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি সিনেমাটি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।
মেয়ে প্রথম সিনেমার খবর জানিয়ে আল্লু অর্জুন ইনস্টাগ্রামে জানিয়েছেন, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। লেখেন, ‘মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম ও হিন্দি সহ মোট ৫টি ভাষায় আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
