শাকিব খানের নায়িকা হতে পারেন কাজল অথবা বিদ্যা বালান

এবার ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে বলিউডের কাজল অথবা বিদ্যা বালানের রসায়ন দেখা যেতে পারে। দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানালেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। তিনি ও তার স্ত্রী কিংবদন্তি নায়িকা শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন থেকে নির্মিত হবে এই ছবি।

গেল কয়েকবছর ধরে শাবানা-ওয়াহিদ দম্পতি সিনেমা প্রযোজনার কথা ভাবছিলেন। সেজন্য যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার দেশেও এসেছিলেন। কিন্তু দেশের চলচ্চিত্রের খারাপ অবস্থার কারণে পিছিয়ে গেছেন। তবে এখন তারা মনে করছেন, ঢালিউডের অবস্থা উন্নতির দিতে যাচ্ছে। সেকারণে সিনেমা প্রযোজনা করতে মনস্থির করে ফেলেছেন।

ওয়াহিদ সাদিক বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের প্রাণ ফেরাতে আবার নির্মাণে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমি ও আমার স্ত্রী অভিনেত্রী শাবানা ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। এরপর প্রায় প্রতিবছরই দেশে আসলেও চলচ্চিত্রের ব্যবসা অনুকূলে না থাকায় আর নির্মাণে ফিরতে পারিনি। বর্তমানে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবীত হয়ে ওঠায় আমাদের এই চলচ্চিত্র জগতকে চাঙ্গা করায় সহযোগিতা করতেই বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টে চলচ্চিত্র নির্মাণে আবারও ফিরছি।’

তিনি জানান, চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এটি পরিচালনার দায়িত্ব সামলাবেন টলিউডের রাজীব কুমার বিশ্বাস। গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। তবে সমন্বয় করতে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকবেন। ছবিটি হবে যথারীতি পারিবারিক-অ্যাকশন ও রোমান্টিক গল্পের। চরিত্রের প্রয়োজনে এতে বলিউডের কাজল অথবা বিদ্যা বালানকে নেওয়া হবে।

ওয়াহিদ সাদিক বলেন, ‘গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক। তাই বর্তমানে এই দুই নায়িকার কথাই ভাবছি। আগামী ১৬ জানুয়ারি কলকাতা যাচ্ছি ছবিটির নির্মাণ কাজের ব্যাপারে। তখনই নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করে ফিরব।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে ছবির নামও চূড়ান্ত করব এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেব। ছবির শুটিং হবে বাংলাদেশ-ভারত ও যুক্তরাষ্ট্রে। দুই বাংলার শিল্পী-কলাকুশলীরা সমানভাবে এই ছবিতে অভিনয় করবেন।’

ছবির নামও এখনও চূড়ান্ত হয়নি। তবে চলতি বছরের শেষদিকে বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াহিদ সাদিক। সেভাবে এগিয়ে নিচ্ছেন কাজ। যদিও এই ছবিতে শাবানা অভিনয় করবেন না। তিনি শুধু প্রযোজক হিসেবেই থাকবেন।

উল্লেখ্য, শাবানা ও ওয়াহিদ সাদিক তাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘এস এস প্রোডাকশন’ প্রতিষ্ঠা করেন ১৯৭৯ সালে। ওই বছর প্রথম ছবি নির্মাণ করেন ‘মাটির ঘর’। ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত আজিজুর রহমান। এরপর ছুটির ঘন্টা, আমি সেই মেয়ে, স্বামী কেন আসামীসহ স্থানীয় ও যৌথ প্রযোজনায় প্রায় দুই ডজন ছবি নির্মাণ করেন এবং সবই বাম্পার হিট ব্যবসা করে। তাদের প্রযোজিত সর্বশেষ ছবি ‘স্বামী কেন আসামী’। এটি মুক্তি পায় ১৯৯৭ সালে।

শাবানা ও ওয়াহিদ সাদিকের ছবির মাধ্যমেই ঢাকার ছবিতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী জয়া প্রদা, অভিনেতা চাঙ্কি পান্ডে, কলকাতার অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিত, ঋতুপর্ণা সেনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *