বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন বছরের প্রথম দিন আগামীকাল রোববার (১ জানুয়ারি) থেকে সারাদেশে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও নতুন বই ছাপানোর কথা ভোলেনি সরকার। শিশুদের পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলার কথাও বলেছেন তিনি।

তিনি বলেন, প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়ার হার এখন অনেক কমে এসেছে। কারণ আমরা প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে যাচ্ছি। এছাড়া মা বাবা সচেতন হওয়ার কারণ প্রাথমিক স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার ৯৮ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, নতুন বছর থেকে প্রাক-প্রাথমিক কার্যক্রম এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হয়েছে। প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের কোনো বই দেওয়া হবে না। তারা শুধু স্কুলে যাবে এবং হাতের বিভিন্ন কাজ শিখবে। অঙ্কন করবে। খেলাধুলা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২৩ সালের ১ জানুয়ারি ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীকে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কোটি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *