মনোনয়ন ফরম জমা দিলেন মাহিয়া মাহি

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন নায়িকা মাহিয়া মাহি।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই ফরম জমা দেন তিনি। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনেন নায়িকা।

সেসময় মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ‌‘আওয়ামী লীগের মনোনয়ন পেলে কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবো। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নৌকাকে এনে দেবো।’

এর আগে নায়িকা মাহিকে উপনির্বাচনে মনোনয়ন ফরম নেয়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সিনেমার এক নায়িকা বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম। তিনি বললেন, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।

মাহি প্রার্থী হচ্ছে কি না জানতে চাইলে কাদের বলেন, প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেয়া হয়েছে।

সংসদ থেকে বিএনপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি হবে উপ-নির্বাচন।

ভালবাসার রঙ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষিক্ত মাহি গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য রকিব সরকারকে। এবছরই রাজনীতিতে যোগ দেন তিনি।

স্বামীকে সঙ্গে নিয়ে এখন নির্বাচনী রোডম্যাপ তৈরি করছেন মাহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *