দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ২২৯টি কেন্দ্রের মধ্যে সবগুলোর সম্মিলিত ফলাফলে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোস্তফা।
ভোটের হিসেবে এ নির্বাচনে বিজয়ীর চেয়ে অনেক কম ভোট পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ২২ হাজার ২৩৯ ভোট পেয়েছেন।
এদিকে ২০১৭ সালের নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল ২৯ হাজারের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হলেও এবার ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।
৩৩ হাজার ৩৬৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর ভাগনি জামাই স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন।
অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১০ হাজার ৫৪৯ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে ৫ হাজার ১৩৮ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে ৫ হাজার ৮০৯ ভোট পেয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ২ হাজার ৬৭৯ ভোট এবং খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু দেয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোটের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ।
এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন প্রমুখ।
ফলাফল পাওয়ার পর রসিক মেয়র মোস্তফা বলেন, পার্টির অস্তিত্ব টিকিয়ে রাখতে এই জয়ের বিকল্প ছিল না।
