ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
এদিন রাত ১০টার দিকে ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী শাহনাজ খুশি।
অভিনেত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মারা গেছেন।’
অভিনেতার বাবার আত্মার শান্তি কামনা করে শাহনাজ খুশি আরও বলেন, ‘চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে। তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার ক্রিয়াকর্ম তার গ্রামের বাড়ি পাবনার কামার হাটে সম্পন্ন হবে।’
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন চঞ্চলের বাবা। ১৫ ডিসেম্বর তিনি প্রথম নেটদুনিয়ায় তার বাবার অসুস্থতার কথা জানান। সেসময় এ অভিনেতা লিখেছিলেন, ‘কয়েকটা দিন হলো বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায় আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’
চঞ্চল চৌধুরী পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী ছিলেন একজন শিক্ষক। তিনি পরিচিত ছিলেন দুল মাস্টার নামে।
