তিন বছর আগে ‘টু বি ওয়াইফ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে পা রাখেন মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান। ইমরাউল রাফাত পরিচালিত এ নাটকে জিয়াউল ফারুক অপূর্বর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
এরপর রবি, নেসক্যাফে, অপ্পো, লিভন, বিকাশ, প্যারাসুট, বোরো প্লাস, ইস্পাহানি মির্জাপুর চা, গ্রামীণফোনসহ প্রায় ৪০টিরও বেশি বিজ্ঞাপনের মডেল হন।
‘টু বি ওয়াইফ’ ছাড়া কেন্দ্রীয় চরিত্রে ‘কবি প্লাস কুসুম’ নাটকেও অভিনয় করেন তিনি। নাটক ও বিজ্ঞাপনের বাইরে প্রথমবারের মত নাম লিখিয়েছেন বড় পর্দাতেও। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন।
গতকাল সোমবার মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব চলচ্চিত্র মায়াশালিক। এ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
‘মায়াশালিক’-এ যুক্ত হওয়ার পেছনের ঘটনা জানিয়ে তিনি বলেন, শুনেছি, এ সিনেমার গল্পকার ও চিত্রনাট্যকার জাহান সুলতানা আমার কয়েকটি কাজ দেখেছিলেন। কাজগুলো দেখে তিনি আমাকে ভেবে গল্পটি লেখেন। ২০২০ সালে গল্পটি ভেবেছিলেন তিনি, মধ্যে করোনার কারণে কাজটি থমকে যায়। এ বছর কাজটি শুরু হওয়ার পর জাহান সুলতানা আমার সঙ্গে কথা বলেন। তিনি পরিচালক শিহাব শাহীন ভাইকে আমার কথা বলেন। তিনি আমার কয়েকটি কাজ দেখে আমাকে চূড়ান্ত করেন। গত আগস্ট থেকে আমরা চিত্রনাট্য পড়েছি, মহড়া করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু করি।
আপনার চরিত্রটি কী? তিনি বলেন, চরিত্রটি অনেক চঞ্চল, বেশি কথা বলে আর হাসিখুশি থাকে; খুব মিষ্টি একটি মেয়ে। বাস্তবে আমি যেমন, চরিত্রটিও তেমন। ফলে, চরিত্রটি তুলে আনা আমার জন্য খুব সহজ ছিল।
অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? সাদিয়া আয়মান বলেন, ২০১৯ সালের এপ্রিলে অপূর্ব ভাইয়ের সঙ্গে টু বি ওয়াইফ নাটকের মধ্য দিয়ে আমার অভিনয়ে অভিষেক। প্রথম নাটকে অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করেছি, প্রথম ওয়েব সিনেমায়ও তাঁর সঙ্গেই কাজ করলাম। তিনি যথেষ্ট সহযোগিতা করেন।
