বিকেল ৩টা ৫ মিনিটে না-ফেরার দেশে পাড়ি জমান ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর। কিডনি-লিভারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। বিষয়টি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী কানিজ ফাতেমা। একসময় করতে থাকেন আর্তচিৎকার।
আকবরের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্ত্রী কানিজ ফাতেমা। চিৎকার করে প্রলাপ করছিলেন, বলছিলেন, ‘সে কী যেন বলতে চেয়েছিল, তার ঠোঁট নড়েছে। আমাকে কী যেন বলতে চেয়েছে। আমরা কত চেষ্টা করলাম, অথচ বাঁচাতে পারলাম না।’
গত মাসের মাঝামাঝিতে আকবরকে ‘বেটার লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ নভেম্বর দুপুরে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়। এরপর তাকে বিসএমএমইউ-তে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে ৯ নভেম্বর ভোরে আকবরকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দুই বছর ধরেই নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়ছিলেন আকবর। দুটি কিডনি নষ্ট হওয়ার কারণে তার শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। এরপরই বেড়ে যায় কিডনি ও লিভারের সমস্যা।
আকবর দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছিল পরিবারকে। সেজন্য ধার-দেনা করার পাশাপাশি ঘরের আসবাবপত্রও বিক্রি করতে হয়েছে। আকবরের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন। এ ছাড়া ব্যক্তিগতভাবেও কাছের মানুষেরা সহযোগিতা করেছেন আকবরকে।
